দেশবাসীর স্বপ্নপূরণের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আজ। বহুল প্রত্যাশিত মালটি লেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে টানেল যুগে বাংলাদেশের নবযাত্রা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে আজ বেলা ১১টায় একটি ফলক উন্মোচনের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করবেন এবং টানেল পার হওয়ার পর আনোয়ারা নদীর দক্ষিণ তীরে আরেকটি ফলক উন্মোচন করবেন। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আরেকটি নতুন মাইলফলক টানেল যুগে প্রবেশ করবে বাংলাদেশ। নদীর তলদেশ দিয়ে রোমাঞ্চকর যাত্রার স্বাদ নিতে পারবে জনসাধারণ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় আসতে শুরু করেছে মানুষ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছে দলের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ।

শনিবার (২৮ অক্টোবর) ভোর পৌনে ৬ টা থেকেই জনসভাস্থল মানুষের পদচারণায় মুখরিত হতে শুরু করে।
জনসভায় প্রধান অতিথির ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে আনোয়ারা জুড়ে।হলুদে হলুদে ছেয়ে গেছে আনোয়ারা উপজেলার পুরো বৈরাগ এলাকা।
জনসভায় বিভিন্ন ধরনের ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করছেন দলের কর্মী-সমর্থকরা। নানা স্লোগানে মুখরিত জনসভাস্থল। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে আয়োজিত এ জনসভায় এরই মধ্যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন।
জনসভায় যোগ দিতে আসা সজিব বলেন, আজ আমাদের আনন্দের দিন। নতুন এক ইতিহাসের সাক্ষী হতে এসেছি। সকালেই চলে আসলাম। পরে ঢুকতে গেলে সমস্যা হতে পারে ভেবে আগেই চলে আসলাম।
