আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি-জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বিএনপির ২৮ অক্টোবর সরকার পতনের ডাক কোনোদিনও সফল হবে না। সমাবেশের পর বিএনপি নৈরাজ্য করতে চাইলে তাসমুচিত জবাব দেওয়া হবে। তাই, শান্তিপূর্ণ সমাবেশ করে বাড়ি ফিরে যান।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২৮ তারিখ বিএনপি-জামায়াতের কবর রচনা করতে হবে।
তিনি বলেন, বিএনপি সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসেছে। ২৮ অক্টোবর তাদের উচিত শিক্ষা দিতে হবে। এমন পরিস্থিতি করতে হবে যেন পরে আর কর্মসূচি দিতে না পারে।
দলটির আরেক সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করতে হবে। সন্ত্রাসীদের কাছে ঢাকার মানুষকে জিম্মি হতে দেওয়া যাবে না। ২৮ তারিখ সকাল থেকে পাহারা বসাতে হবে।
এ সময় বিএনপি কোনো কর্মসূচি দিলে নেতাকর্মীদের প্রতিদিনই রাজপথে থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগের এই নেতা।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
