সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ শনিবার। রাজধানী ঢাকাসহ সারা দেশে গতকাল শুক্রবার শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা অনুষ্ঠিত হয়েছে। এভাবে উৎসব চলবে আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।
মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে অর্থাৎ ষোলটি উপাদানে পূজা হবে দেবীর। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।
সপ্তমী পূজা উপলক্ষে নানা রঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ সকাল থেকে মণ্ডপে মণ্ডপে হাজির হচ্ছেন। গত দুই বছর করোনাভাইরাস মহামারির কারণে পূজার আনন্দ অনেকটা ফিকে থাকলেও এবার কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই হচ্ছে পূজা উদযাপন।
গত বছরের চেয়ে দেশে এবার বেড়েছে মণ্ডপের সংখ্যাও। জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবীবন্দনায় সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, গত বছর সারাদেশে দুর্গাপূজার সংখ্যা মণ্ডপের ছিল ৩২ হাজার ১৬৮। এবার এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪০৮। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪৫, গত বছর ছিল ২৪২।
