চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ টাকাসহ আবুল কালাম প্রকাশ মাছ কালাম (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম শাকপুরা এলাকায় বোয়ালখালী থানার এসআই (নি:) মোঃ কামাল হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবুল কালাম প্রকাশ মাছ কালাম ৪নং শাকপুরা ইউনিয়নের শাকপুরা ২নং ওয়ার্ডের মমতাজ বাড়ীর মৃত সুলতান আহাম্মদের পুত্র।
এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ১ হাজার ১শত ৮০টাকা উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আবুল কালাম প্রকাশ মাছ কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক) অনুসারে মামলা রুজু করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। বোয়ালখালী থানা পুলিশের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
