মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি জামিন চেয়েছিলেন তারা।
২০১৩ সালে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে বিকৃত তথ্য প্রচারের মামলায় তাদের সাজা ঘোষণা করেছিলেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এদিন রায় ঘোষণার পর আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে মামলা হয় আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে। ওই বছরের ১০ আগস্ট গ্রেফতার করা হয় আদিলুর রহমানকে। পরে তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।
একই বছরের ৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসির উদ্দিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই প্রতিবেদনে বলা হয়, আদিলুর ও নাসির উদ্দিন ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করেছেন।
