মালদ্বীপের নবনির্বাচিত চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু বলেছেন, তার দেশে থাকতে পারবে না বিদেশি সামরিক বাহিনী।
‘ভারত খেদাও’ স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার চালানো মইজ্জু নির্বাচিত হলে মালদ্বীপে ভারতীয় সেনা না রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সে কথা রাখারই ইঙ্গিত দিলেন তিনি।
সোমবার রাতে প্রেসিডেন্ট নির্বাচনে জয় উদযাপন করতে সমবেত সমর্থকদের উদ্দেশে মইজ্জু বলেন, জনগণ আমাদেরকে বলেছে, তারা এখানে বিদেশি সেনা চায় না। আমরা মালদ্বীপ থেকে বিদেশি সেনাদের ফেরত পাঠাব।
বিদেশি সেনা তাড়ানোর কথা বললেও কোনো দেশের নাম উচ্চারণ করেননি মইজ্জু।
দীর্ঘদিন ধরে মালদ্বীপে ভারতের বড় ধরনের প্রভাব রয়েছে। একে মালদ্বীপের সার্বভৌমত্বে এক ধরনের হুমকি হিসাবেই দেখে আসছে মইজ্জুর দল। মালদ্বীপে ভারত স্থায়ীভাবে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও মইজ্জু অভিযোগ করেছেন।
২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা মালদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি) প্রধান ইব্রাহিম সোলিহ ভারতপন্থি। তিনি তার শাসনামলে ‘ভারত-প্রথম’ নীতি নেন। কিন্তু মালদ্বীপের জনগণ এবার চীনপন্থি মইজ্জুকে প্রেসিডেন্ট নির্বাচিত করে সোলিহ এর নীতির বিরুদ্ধেই বার্তা দিয়েছে।
ভারত মহাসাগরে মালদ্বীপের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুটের কাছাকাছি দেশটিতে চীন তাদের প্রভাব বাড়াতে চায়। আর তা ঠেকানোর চেষ্টায় আছে ভারত।
