চট্টগ্রাম নগরীতে পুলিশের হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানায় এ ঘটনা ঘটে।
মৃত সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ (৬৪) দুদকের অবসরপ্রাপ্ত উপপরিচালক। তার বাসা নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) পংকজ দত্ত দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একটি সিআর মামলায় রাতে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের ১৫ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পার্ক ভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহিদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, রাত ১১টার দিকে চান্দগাঁও থানার দু’জন সহকারী উপ-পরিদর্শক গিয়ে আমার বাবাকে থানায় নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের লোকজন থানায় যান। উনি হার্টের পেশেন্ট, উনার ইনহেলার আর মেডিসিন লাগে সবসময়। বাবাকে থানায় নেয়ার সঙ্গে সঙ্গে ফটক বন্ধ করে দেন। ইনহেলার ও মেডিসিনও বাবার কাছে পৌঁছাতে দেয়নি। পরে ১২টার দিকে বাবাকে হাসপাতালে নিয়ে গেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, উনাকে গ্রেপ্তারের পর খারাপ লাগছে বলে জানান। তখন আমার কক্ষে এনে বসিয়েছি। পরে তার ভাইদের জানিয়ে তারাসহ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। প্রাণ হারানো ব্যক্তির সঙ্গে কোনো ধরণের অসদাচরণ করা হয়নিও বলেও দাবি করেন তিনি।
