চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বোয়ালখালী থানার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ অক্টোবর) রাতে বোয়ালখালী থানার মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আছহাব উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ও পটিয়া পূজা উদযাপন কমিটি সহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপিএম (সেবা) ড. আশিক মাহমুদ বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে পালনে সরকার বদ্ধ পরিকর।
এতে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেকোনো ধরনের অপরাধকারীকে সনাক্ত করতে প্রতিটি পূজা মণ্ডপে বিশেষ নজর রাখার জন্য পূজারীদের প্রতি আহবান জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের বিভ্রান্তিমূলক বিষয় পোস্ট না করারও আহবান জানান তিনি।
