সরকারকে ‘ছবক’ না দিয়ে নিজেদের ‘ঠিক হতে’ পশ্চিমা শক্তিদের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
‘বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা’- এমন মন্তব্য করে তিনি বলেছেন, এখন যারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা ক্ষমতায় থাকতে দেড় কোটি ভুয়া ভোটার তৈরি করেছিল।
রোববার বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শহীদ মিনার চত্বরে ১৪ দলের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে যেসব বিদেশি কথা বলছেন, তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের ছবক দিয়ে লাভ নাই, আগে নিজেরা ঠিক হন। পরে অন্যদের ছবক দিয়েন। শেখ হাসিনা সেখানে আছে সেখানে পেশিশক্তি টিকবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা ভেবে নিরলস কাজ করে যাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সারাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করে।
কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে এসব ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। ২০০৯ এ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মাথাপিছু আয় বেড়েছে। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে তাকে আগে কারাগারে গিয়ে আবেদন করতে হবে বলেও জানান মন্ত্রী।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। আপনার ভোটের প্রস্তুতি নেন। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে।
শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই জনপদে (বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর চট্টগ্রাম) বিএনপি-জামায়াত মানুষের অনুভুতি নিয়ে খেলত। খালেদা জিয়া পাঁচ বার ফেনীর এমপি ছিলেন। কিন্তু পাঁচ কিলোমিটার রাস্তাও তৈরি করতে পারেনি।
১৪ দলের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “নির্বাচনে বিএনপি আসলেও ১৪ দলের নেতৃত্বে হবে না, আসলেও ১৪ দলের নেতৃত্বে হবে।
জনসভার সভাপতি ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার বলেন, বিএনপি-জামায়াতের ষড়যত্র সহ দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেসবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমেদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল মজুমদার, জাসদের ফেনী জেলা শাখার সভাপতি নুরুল আমিনও।
পরে অতিথিরা ‘উন্নয়ন অগ্রযাত্রা’ নামে বইয়ের মোড়ক উম্মোচন করেন।
