প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও তার জন্মদিনটি কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়, ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। ফেইসবুকে একটি ছবি শেয়ার করে সেই খবর দিয়েছেন জয়।
শুক্রবার ওই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় লিখেছেন, “ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের নৈশভোজে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান ওয়াশিংটন ডিসিতে।
প্রতি বছর এই সময়টায় জাতিসংঘ অধিবেশন বসে বলে প্রধানমন্ত্রীর জন্মদিনটা দেশের বাইরেই কাটে। প্রায় প্রতিবারই নিউ ইয়র্কের কাজ সেরে ছেলের বাড়ি ঘুরে আসেন তিনি।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
১৯৮১ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসার পর দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তিনি দলকে সুসংগঠিত করেন। ১৯৯৬ সালে প্রথম, ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় এবং ২০১৮ সালে চতুর্থবারের মত নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন।
বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে।
দলের পক্ষ থেকে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সাফল্য কামনায় দোয়া করা হয়েছে।
