ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে ৩৫০ টন পাথর বোঝাই একটি পণ্যবাহী ট্রেন পদ্মা সেতু দিয়ে মাওয়া গিয়ে আবার ফিরে এসেছে। এই যাত্রায় ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ৮০ কিলোমিটার।
ঢাকা-ফরিদপুর রেল প্রকল্পের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানিয়েছেন, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ফরিদপুরের ভাঙ্গা থেকে যাত্রা শুরু করে পণ্যবাহী ট্রেনটি।
ট্রেনটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া স্টেশনে গিয়ে সেখান থেকে আবার সকাল ১০টার দিকে ভাঙ্গায় ফিরে আসে।
তিনি বলেন, রেল সড়কটির সক্ষমতা নির্ণয় ও গতি পরীক্ষার জন্য শুক্রবার সফলভাবে যাত্রীবাহী ট্রেনের গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার পাঁচটি পণ্যবাহী বগিসহ ইঞ্জিন নিয়ে আমরা গতি পরীক্ষা করেছি।
প্রথম পর্যায়ে আমরা ৩৫০ টন পাথর বোঝাই নিয়ে যাত্রা শুরু করেছি। আমরা মাওয়া স্টেশনে গিয়ে সেখান থেকে আবার ফিরে এসেছি। পণ্যবাহী ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ৮০ কিলোমিটার।
যাত্রা শুরুর আগে পণ্যবাহী ট্রেনটির পরিচালক পলাশ হোসেন বলেন, আমরা খুবই আনন্দিত শুক্রবার যাত্রীবাহী ট্রেনটি সকল গতি পরীক্ষা সম্পন্ন হয়েছে, আশা করছি আজকেও তেমনটি হবে।
এই ট্রেনটিতে রেলওয়ের উদ্বোধন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক রয়েছেন ফরিদপুর চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট নজরুল ইসলাম বলেন, ফরিদপুর-ঢাকা পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের অর্থনীতির মুক্তি আসবে বলে আমরা মনে করি। রেলের মাধ্যমে ব্যবসায়ীগণ স্বল্প খরচে খুব সহজেই তাদের পণ্য ঢাকাতে নিতে পারবে।
