বাণিজ্যিক ব্যাংক চাইলে কেন্দ্রীয় ব্যাংকের রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে নেওয়া ঋণ মেয়াদ শেষের আগেই আংশিক বা পূর্ণাঙ্গ পরিশোধ করতে পারবে।
বুধবার এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে আংশিক পরিশোধের ক্ষেত্রে অবশিষ্ট অর্থ সুদসহ একসঙ্গে মেয়াদ শেষে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বিদেশি মুদ্রায় গঠিত রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) বিকল্প হিসেবে গত জানুয়ারিতে ইএফপিএফ নামে গঠিত ১০ হাজার কোটি টাকার এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারেন। ব্যাংকগুলো এটি থেকে ১ দশমিক ৫ শতাংশ সুদে অর্থ নিয়ে খরচ ও মুনাফা যোগ করে ঋণ দিতে পারে।
সরাসরি ও প্রচ্ছন্ন রপ্তানি খাতের উদ্যোক্তাদের জন্য দেওয়া ঋণের মেয়াদ গ্রাহক পর্যায়ে যতদিন দিনই হোক না কেন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সর্বোচ্চ ১৮০ দিন মেয়াদের জন্য নিতে পারবে। বিশেষ বিবেচনায় অনুমতি স্বাপেক্ষে আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ রেখেছে বাংলাদেশ ব্যাংক।
তবে ১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর ঋণ পরিশোধ না হলে বাংলাদেশ ব্যাংকে থাকা বাণিজ্যিক ব্যাংকের হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে নিবে বাংলাদেশ ব্যাংক।
