গত পাঁচ দিন চিকিৎসা করেও বাঁচানো গেল না চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরব আমিরাত প্রকল্পের ভেতরে নদী খনন প্রকল্পের বালুর স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত মাওয়া জিন্নাত মায়াকে (১৩)। নিহত মাওয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ী এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে ও মরিয়ম নগর নুরুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী ৯ নম্বর ওয়ার্ড প্রজেক্ট গেইট আরব আমিরাত প্রকল্পের ভেতরে নদী খনন প্রকল্পের বালুর স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন মাওয়া। সেখানে গত পাঁচ দিন চিকিৎসাধীন থেকে মারা গেলেন তিনি।
মাওয়ার মামা বেতাগীর সাবেক ইউপি সদস্য মো. নজু বলেন, বৃহস্পতিবার বিকেলে আরব আমিরাত প্রকল্পের ভেতরে বালুর স্তুপের দিকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয়ে আমার ভাগনী মাওয়ার শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে যায়। গত পাঁচ দিন ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পরেও বাঁচানো গেল না তাকে।
মাওয়ার চাচা মরিয়ম নগরের ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ভাতিজি মাওয়া জিন্নাত মায়া গত পাঁচ দিন ধরে ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকার পর মারা গেলো। ঢাকা থেকে এম্বুল্যান্সে করে লাশ নিয়ে গ্রামে ফিরছি। আমরা খুবই মর্মাহত। আমাদের পরিবারের মানসিক অবস্থা ভালো না। লাশ দাফনের পর পরিবারের সবাই মিলে বসবো কি করা যায়।
আরব আমিরাত প্রকল্পের ভেতরে বালুর স্তুপ ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে এই দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারেন না বলেও দাবী তাঁদের।
তবে এ বিষয়ে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষের দাবী আরব আমিরাত প্রকল্পের ভেতরে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওয়ার দূর্ঘটনার বিষয়ে কিছুই জানেন না তাঁরা। এছাড়া এর আগে সেখানে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছিলেন তাঁরা।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় মাওয়ার মৃত্যুতে মাওয়ার পরিবারের পাশাপাশি বেতাগী ও মরিয়ম নগর দুই ইউনিয়নেই শোকের ছায়া পড়েছে।
