কুমিল্লার চান্দিনায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাস উল্টে গিয়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই নাজমুল হুদা।
নিহতরা হলেন, চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ খলিফার ছেলে আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদেপল্লীর আদম আলীর ছেলে বাহরাম মিয়া (৬০) এবং দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।
এ ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার মিল্লাত (২৩), নওগাঁ জেলার আরিফুল ইসলাম (২৮), ঢাকা মগবাজার এলাকার সাবিনা (৩৫), তার মেয়ে তানহা (১০)’সহ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই নাজমুল জানান, সকালে চট্টগ্রামমুখী বাসটি হারিখোলা মাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে।
এতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহীসহ বাসের যাত্রীরা।
তাদের হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহীরও মৃত্যু ঘটে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই নাজমুল।
