পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে জনস্বার্থে সরকারি কাজ থেকে হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।
সেহেতু হারুন-অর-রশীদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)–এর ৩৯ (১) ধারার বিধান অনুযায়ী আজ সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। তারা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
ওই ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) তাকে প্রথমে প্রত্যাহার করা হয়। পরে এপিবিএন-এ বদলি করা হয়।
