আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩ পরিবারের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ রবিবার ( ১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দক্ষিণ শিলাইগড়া ইয়াকুব মাস্টারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসা প্রবীণ শিক্ষক মাস্টার ইয়াকুব আলী (জিহাদী) , মোঃ জসিম সওদাগর, মোঃ রিপন এর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ শামসুল আলম মেম্বার।
তিনি জানান, বিকালে ইয়াকুব মাস্টারের ঘরে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে করে তিনজনের বসতঘর ভস্মিভূত হয়ে যায় । অগ্নিকাণ্ডে তাদের নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি । সহযোগিতার ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয়েছে । তিনি আগামীকাল পরিদর্শন করবেন।
এই বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
