আনোয়ারা উপজেলায় বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত করে রাখা ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির সাদ্দামের বসতঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
আটককৃত মোঃ আক্কাছ(৪৫) স্থানীয় জাফর আহমেদের বাড়ির জাফর আহমেদের ছেলে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সূত্রে জানতে পেরে র্যাব-৭ পতেঙ্গার একটি অভিযানিক দল রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. আক্কাছকে আটক করা হয়। এসময় সাদ্দাম হোসেন (২৫), আজিজুল হক (২০), মো. হাসান নামের তিনজন পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত আক্কাছকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাসার ড্রামের ভেতরে সংরক্ষিত রাখা ইয়াবা ট্যাবলেটের বিষয়টি স্বীকার করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ড্রাম থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগে বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে র্যাব-৭ পতেঙ্গার সিপিও (নৌ) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারায় অভিযানে চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করে আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।
