মিরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডিতে ‘ ক্ষমা প্রার্থী’ পোস্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মোহাম্মদ আরিফ (২৩) নামে এক ব্যবসায়ি।
সোমবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব সাহেরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় ভোরের বাজার এলাকায় একটি ফলের দোকান রয়েছে। পরিবারের লোকজন উদ্ধার করে তাকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় , আরিফ দীর্ঘদিন ধরে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজারে ফলের ব্যবসা করে আসছে। সে সুবাধে তার ব্যবসায়িক লেনদেন সহ বিভিন্ন খাতে মোটা অংকের ঋণ হয়ে গেছে। এই ঋণের বোঝা সইতে না পেরে সম্ভবত আত্মহত্যার পথ বেঁচে নেয়।
আরিফের আত্মীয় আজাদ বলেন, দুপুরে দোকান থেকে বাড়ি গিয়ে খাওয়া-ধাওয়া করে তাঁর রুমে ঘুমাতে যাই। সন্ধ্যায় গড়িয়ে যাওয়ায় ঘুম থেকে উঠছেনা দেখে দরজা ভেঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো সিলিং ফ্যানের সাথে ঝুলতে থাকতে দেখা যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ভোরের বাজারের পাশে আরিফের বাড়ি। সে ফল ব্যবসা করতো। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা সঠিক জানিনা। তবে আত্মহত্যা করেছে বিষয়টি শুনেছি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, সাহেরখালীতে ফল ব্যবসায়ী মোহাম্মদ আরিফের আত্মহত্যার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে। তার লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হবে। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
