চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে চায়ের প্যাকেজিং গুদামে অভিযান চালিয়ে ৪০ ধরনের ব্র্যান্ডের ৫০ হাজার নকল চায়ের প্যাকেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ সেপ্টেম্বর) নগরীর জেল রোড সংলগ্ন পিবি সুপার মার্কেটে এ অভিযান চালায় বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া প্রতিষ্ঠান ও ঠিকানা ব্যবহার করে নকল ব্র্যান্ডের চায়ের প্যাকেট তৈরি করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। এসব প্যাকেটের মাধ্যমে নিম্নমানের চা সারা দেশে ভোক্তাদের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করছে চা বোর্ড। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
