রাউজানে ১৪ ফুট দৈর্ঘ্যের ২৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
উপজেলার ডাবুয়া ইউনিয়নে পরিত্যক্ত একটি চায়ের দোকান থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়া গ্রামের সার্বজনীন পূজা মন্ডপের পাশে অজিতের চায়ের দোকানের ছাদ থেকে উদ্ধার করা অজগর সাপটিকে চট্টগ্রাম বন বিভাগের একটি দল এসে বনে অবমুক্ত করে।
স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন তালুকদার বলেন, অজগরটি দুপুর থেকে ওই চায়ের দোকানের ভেতর বিমে অবস্থান নেয়। এলাকাবাসী টের পেয়ে আমাকে খবর দিলে আমি বিষয়টি উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদারকে জানাই।
রাউজান ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন,ইউএনওর কাছ থেকে খবর পেয়ে চট্টগ্রাম বন বিভাগের একটি সাপ ধরা দলকে এনে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঠান্ডাছড়ি বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য ১৪ ফুট ও ওজন প্রায় ২৫ কেজি। খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে নেমে এসেছে মনে হচ্ছে।
