চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে ৩টি পরিবারের ২টি টিনশেড বসতঘর। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
রাউজান ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত।
সোমবার (২৮ আগস্ট) ভোর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সালেহ আহমেদ ড্রাইভারের বাড়িতে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা জানান, রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ ভোররাতে ২ ঘরের রান্না ঘরেই আগুন দেখতে পান তারা। এরপর তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে। খবর দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে। ভোর ৫টার দিকে ৩ঘন্টার চেষ্টায় স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৩টি পরিবারের ২টি বসতঘর। ক্ষতিগ্রস্ত হয় পাশের ২টি পাকা ঘরের দেয়াল।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, একই এলাকার মৃত শরিফ মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৭৮), নুরুচ্ছফার ছেলে নুরুল আবছার (৫৫) ও মোহাম্মদ সাকিব (২০)।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সেকান্দর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
