চট্টগ্রামের রাউজানে গলায় ফাঁস লাগানো সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নাদিয়া সুলতানা জেসি (১৪) এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) রাত ৮ টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ফার্সি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী একই এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আবু বক্করের মেয়ে এবং পাশ্ববর্তী হাটহাজারী উপজেলার আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের মা কামরুন নেছা জানান, আমি আমার বাবার বাড়ি আমান বাজারে গিয়েছিলাম। সেখান থেকে সন্ধ্যায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে অনেকক্ষণ ডাকাডাকি করি। কিন্তু দরজা না খুললে পেছনের দরজা ভেঙে আমি ঘরে ডুকে দেখি মেয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।
তিনি আরও জানান, মেয়ে সবসময় ফোনের জন্য বিরক্ত করত। মাঝে মাঝে আমার ফোন ব্যবহার করতে দিতাম সেজন্য।
পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায়, মেয়েটির বোয়ালখালী উপজেলার একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। তবে কি কারনে এ ঘটনা ঘটল সে ব্যাপারে কেউ নিশ্চিত না।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ টুটুন মজুমদার জানান, ঘটনাস্থল থেকে লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চালানো হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
