চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ওষুধ ভেবে কীটনাশক পান করে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম কাজল দাশ (৬৫)। তিনি করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের মৃত প্রফুল্ল দাশের ছেলে।
পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, বুধবার সকালে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জনি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কাজল দাশ। বুধবার সকালে হোমিওপ্যাথিক ওষুধ মনে করে ভুলে ক্ষেতের জন্য রাখা কীটনাশক সেবন করে ফেলেন। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
