নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। আপনাদের প্রস্তুত থাকতে হবে। স্বাধীনতা বিরোধীরা এই মাসেই একটি বাজে খেলা খেলতে পারে। ওরা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে আঘাত করতে পারে। আমরাও খেলবো।
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে খেলা হবে। বিদেশিদের উসকানিতে বিএনপি লাফাচ্ছে। এতে কোনো লাভ নেই। আগামী ১০০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।
টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আতাউর রহমান খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ তোফাজ্জল হোসেন তোফা।
এসময় জেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
