চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় পিকআপ চুরির ঘটনায় গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তথ্য প্রযুক্তি সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বিটেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নাঈম উদ্দিন (২২), জাহিদ হাসান বাবু (২২) ও মোহাম্মদ হোসেন (২১)।
ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল বলেন, গত মাসে বায়তুশ শরফ মাদ্রাসা থেকে একটি পিকআপ চুরির ঘটনায় মামলা হয়। সে মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই সক্রিয় চোরাই চক্রের সদস্য। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে পার্টস হিসেবে বিক্রি করে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
