চট্টগ্রাম নগরীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) নগরীর কাজির দেউড়ি মোড় এলাকায় বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সাইদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়।
নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, কোনোরকম পূর্বঘোষণা ছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। জামায়াত শিবিরের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
