চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো.কফিল উদ্দিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.কফিল উদ্দিন ফেনী জেলার সদর থানার মৌটবী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড লস্কর হাট মোল্লা বাড়ির আমিনুল হকের ছেলে।
মিসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে ৯৪ বোতল বিদেশি মদ ও ১৪ কেজি গাঁজাসহ মো. কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মিরসরাইয়ের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে তারা স্বীকার করেছে। মো. কফিল উদ্দিনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
