কক্সবাজারের পেকুয়ায় টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টমটম চালকের নাম আলী হোসেন (৫৫)। তিনি সিকদার পাড়া এলাকার মৃত আতু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহনেওয়াজ আল আজাদ বলেন, বিকালে আলী হোসেন সিকদার পাড়া এলাকায় একটি দোকানে টমটম চার্জ দিতে বিদ্যুতের সংযোগ প্রদান করেন। সংযোগ প্রদানে ত্রুটি থাকায় টমটম গাড়িটি বিদ্যুতায়িত ছিল। পরে ওই টমটমে তিনি উঠে বসলে বিদ্যুৎস্পৃস্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আলী হোসেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
