চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ রহিম সাজ্জাদ (২৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানছিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ একই এলাকার প্রবাসী আবদুল কুদ্দুস কাজলের ছেলে। তিনি ওমানে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
জানা যায়, ঘর নির্মাণের জন্য গত ৪ মাস আগে ওমান থেকে দেশে ফিরেন সাজ্জাদ। আগামী ৮ আগস্ট ওমানে চলে যাওয়ার কথা ছিল তার।
আরও জানা যায়, নিজের নির্মাণাধীন পাকা ভবনের নিচতলায় কাজের জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবছার মুরাদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
