আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ চলবে ২০ আগস্ট পর্যন্ত। আসন্ন এই বিশ্ব আসরকে সামনে রেখে অনুশীলনে বেশ ব্যস্ত সময় পার করছে ব্রাজিল নারী ফুটবল দল।
বিশ্ব মঞ্চে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ব্রাজিলের মেয়েরা। ম্যাচটিতে চীনের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় লাতিন আমেরিকার দেশটি। সেলেসাওদের হয়ে গোল তিনটি করেন লুয়ানা, ক্যাথেলেন ও রাফায়েল।
এই প্রস্তুতি ম্যাচটি ৩০ মিনিট করে তিন ধাপে মোট ৯০ মিনিটে অনুষ্ঠিত হয়। আসন্ন নারী বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে রয়েছে ব্রাজিলের মেয়েরা। যেখানে গ্রুপে দলটির প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স, জামাইকা ও পানামা।
আগামী ২৪ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পানামার মুখোমুখি হবে তারা। দ্বিতীয় ম্যাচে ২৯ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় ফরাসিদের বিপক্ষে লড়বে ব্রাজিলের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২ আগস্ট জামাইকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
নারী ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি ব্রাজিল। ২০০৭ সালে রানার্সআপ বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ অর্জন। সেবার জার্মানির মেয়েদের কাছে ২-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল সেলেসাওরা।
