কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে নুর হোসেন ভুট্টো নামে সাবেক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (সাব মাঝি) গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৮ জুন) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৭ জুন) রাত ১০টায় উপজেলার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে নুর হোসেন ভুট্টো (৪২)। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্ব পালন করতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল ভুট্টোকে তিন থেকে চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
এ সময় ভুট্টো মাথায় গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
