পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।
বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকার বোদা দেবীগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেলে চারজন বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় তারা ওই এলাকায় পৌঁছালে একটি কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় চার মোটরসাইকেল আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে গুরুতর আহত দু’জনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এ সময় সেখানে চিকিৎসাধীন আরও একজন মারা যান।
দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রংপুরে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।
