চট্টগ্রামে নগরীর আকবরশাহ সিটি গেট এলাকা থেকে আরমান গণি (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১২টায় তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
গ্রেপ্তার আরমান গনি নগরীর চান্দগাঁও থানার বহদ্দরহাটের খাজা রোড়ের চৌধুরী স্কুল হাবিলদার বাড়ির মো. ইসমাইল এলাকার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় বাস থেকে আরমান গণি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরমানের কাঁধে থাকা ব্যাগে তল্লাশি করে সাদা স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ এবং পায়ের জুতার ভেতর লুকানো অবস্থায় ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আরমান একটি ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানির কর্মী। কুমিল্লার একটি অস্ত্র পাচারকারী চক্র তাকে ২০ হাজার টাকা দিয়ে পিস্তল-গুলি চট্টগ্রামের এক ক্রেতার কাছে দেওয়ার জন্য পাঠিয়েছিল। পুরো ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।
