এসএসসি ও সমমান পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রয়ের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধানসহ ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১১ মে) রাত ১১ টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া হতে এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আহমদ রেজা খান, মো. রিফাত ও মো. আরমান। রেজা নগরের একটি মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী। রিফাত ও আরমান পটিয়ার একটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার জানান, গ্রেপ্তার হওয়া প্রতারকরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি ও সমমানের প্রশ্ন দাবি করে ফেসবুক পেজ খুলে প্রচারণা চালাচ্ছিল। প্রত্যেক বিষয়ের জন্য তাদের কাছে তিন সেট করে প্রশ্নপত্র আছে বলেও জানায়। তাদের কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রির বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রশ্নপত্র বিক্রির জন্য তারা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করতো। ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশে টাকা আদায় করতো।
গ্রেপ্তার তিনজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
