কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিসিক শিল্প এলাকায় তিনটি লবণ কারখানাকে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ মে) কক্সবাজার সদর উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, অস্বাস্থ্যকর পরিবেশে লবণ প্রক্রিয়াজাত করায় প্রতিষ্ঠান গুলোকে জরিমানা করা হয়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা এবং ওজন, পরিমাণ ও মানদণ্ড আইন- ২০১৮ এর অপরাধ আমলে নেয়া হয়।
অভিযানে সালমা সল্ট ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, মিল্লাত সল্ট ক্রাশিং মিলকে ৪০ হাজার টাকা এবং রিয়াদ সল্ট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্টকে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন কক্সবাজার বিএসটিআই-র উপ-পরিচালক মিঞা মো: আশরাফুল আলম এবং কক্সবাজার সদরের স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল।
