ইউক্রেনের খেরসনে রুশ বাহিনীর বড় ধরনের হামলায় ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (৩ মে) খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেলস্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর হামলায় ২১ প্রাণহানির পাশাপাশি আরও ৪৮ জন আহত হয়েছেন। সবাই বেসামরিক নাগরিক! দিন এখনো শেষ হয়নি! এক অঞ্চলেই এত হতাহত!’
বুধবারের এ হামলায় যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়, তার মধ্যে হাইপারমার্কেট, রেলওয়ে স্টেশন ও ক্রসিং, পেট্রল স্টেশন এবং আবাসিক ভবনও রয়েছে।
এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেন, রুশ হামলায় এই অঞ্চলের রাজধানী শহর খেরসনে ১২ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক মুখপাত্র সেরহি চেরেভাতি বলেছেন, ‘যখন শত্রুরা যুদ্ধক্ষেত্রে কিছুই অর্জন করতে পারে না, তখন তারা শান্তিপূর্ণ শহরগুলোতে হামলা চালায়।’
