কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এসময় একটি ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়।
রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার আবাসিক হোটেল ‘জিয়া গেস্ট ইনের’ সামনে এ ঘটনা ঘটেছে।
আহত পুলিশ সদস্যের নাম মো. সোহেল রানা। তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
আটক মেজবাউল হক মুন্না (২৩) কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তারমাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর ছিনতাইকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করে পুলিশের একটি দল। ওইদিন রাতে জিয়া গেস্ট ইন’র সামনে সন্দেহজনক ৩-৪ জন যুবককে ঘোরাঘুরি করতে দেখে অভিযানকারী পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলেন এসআই সোহেল। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আটক মুন্না সোহেলকে ছুরিকাঘাত করেন।
তিনি আরও বলেন, সেখান থেকে এসআই সোহেলকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। প্রাথমিক শিক্ষা শেষে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
