চট্টগ্রামের কর্ণফুলীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) এসএসসির বাংলা আবশ্যিক এবং দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় তারা উপস্থিত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ জানান, এবার কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নে এসএসসি ১হাজার ৬০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১হাজার ৫৯১ শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১০ জন।
একইভাবে দাখিলে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২৭৩ জন শিক্ষার্থী। এখানে ৪জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি।
এবার উপজেলার ৫টি ইউনিয়নে ৩টি কেন্দ্রে ১২ টি প্রতিষ্ঠানে ১ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
এসএসসিতে ২টি কেন্দ্রে ৭টি বিদ্যালয় থেকে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী, দাখিলে ১টি কেন্দ্রে ৫টি মাদ্রাসার ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : মামুনুর রশীদ চৌধুরী।
তিনি বলেন, আমাদের উপজেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।আমরা আশাবাদী পরবর্তী পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় পরীক্ষা কেন্দ্রে সেই ক্ষেত্রে প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে।
অভিভাবক প্রত্যেকেই পরীক্ষার ব্যাপারে খুবই আন্তরিক। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন পরীক্ষার্থীর অভিভাবকরা।
