টেকনাফের জাদিমুড়া এলাকা থেকে ৫ রোহিঙ্গা শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ৫ শিশু টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের।
সোমবার ২৪ এপ্রিল দুপুরে জাদিমুড়ার নার্সারি পার্ক থেকে মুখোশধারী ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী এদের অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। অপহৃত শিশুরা হচ্ছে সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল (১৩), মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল (১২), উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত (১২), বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান (১৪), ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল (১৫)। এ নিয়ে গত ৭ মাসে টেকনাফের পাহাড় কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুল হালিম বলেন, ‘অপহরণের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ অপহৃতদের উদ্ধারেরে অভিযান শুরু করেছে’।
