তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ট। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। গত ৫ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। গরম সহসাই কমছে না, আরও দুই একদিন এই পরিস্থিতি থাকবে- জানিয়েছে আবহাওয়া অফিস।
চৈত্রের শেষে বৈশাখ। গরমের উত্তাপ যেনো কমছেই না। টানা কয়েক দিনের তীব্র দাবদাহ সারাদেশে জনজীবন দূর্বিষহ করে তুলেছে।
বেলা যতো বাড়ে সূর্যের তাপ তীব্রতর হয়। প্রখর রোদের মধ্যে কাজে বের হওয়া মানুষজনকে পোহাতে হয় নানা ভোগান্তি। ছাতার আশ্রয়েও রোদের তাপ থেকে সুরক্ষা মেলেনা।
স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ঘরে থেকেও জ্বর, কাশি, ডায়েরিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বেশি অসুস্থ হয়ে পড়লেই চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।
গরমের কারণে শিশুরাই বেশি আক্রান্ত হলেও পাশাপাশি বয়স্করাও হিটস্ট্রোকসহ নানাভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে-৪৩ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই রাজশাহীতে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে- আরো দুই একদিন এরকম তীব্র গরম থাকবে।
বুধবারের পর ঢাকার বাইরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
