চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় হাসানপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
এতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি হাসানপুর রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন দিকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
এছাড়া মালবাহী ট্রেনটিও লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার।
