রাজধানীর নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তবে ঘটনাস্থল এলাকায় উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের।
দফায় দফায় বাঁশি বাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনী উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করছে। তবে কিছুক্ষণ পরপর তারা ফের সেখানে ভিড় করছে।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১০টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বাড়তে থাকে ইউনিট। বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। একইসঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র্যাব।
আগুনের খবর পেয়ে নিউজ মার্কেটের ব্যবসায়ীরাও ঘটনাস্থলে ছুটে আসছেন। অনেকে বলছেন, রমজানের শেষ দিকে হওয়ায় মধ্যরাত পর্যন্ত তারা দোকান করেছেন। সেহেরি খেয়ে মাত্র ঘুমাতে যাবেন ঠিক সেই মুহূর্তে আগুনের খবরে আবার ছুটে এসেছেন।
