রাজধানীর নিউ সুপার মার্কেটের তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫শ’ দোকান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
মার্কেটের দ্বিতীয় তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়া রাত ২টার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফেরেন। ভোরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন। প্রচণ্ড ধোঁয়ায় এখন ঢুকতে পারছেন না। তার দোকানে আগুন না লাগলেও পানিতে ভিজে মালামাল নষ্ট হচ্ছে। দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছেন তিনি।
রুবেল বলেন, ‘আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। আমি দোকানটা খুলতে পেরেছি। কিছু মাল বের করেছি। আমার গোউডানে ৪০ লাখ টাকার মাল রয়েছে। গোউডানের দরজার কাছেও যেতে পারিনি। আমার সব শেষ হয়ে যাচ্ছে।’
ওই মার্কেটের নিচ তলায় সিঁড়িতে চৌকি বসিয়ে শিশুদের কাপড় বিক্রি করেন মো. মুজিবুর রহমান। পানিতে ভিজে তার সব মালামাল নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ‘মার্কেটে ১৫শ’র ওপরে দোকান আছে। সবই ক্ষতিগ্রস্ত হবে। সামনে ঈদ। এমন সময় আমাদের ওপর এতো বড় বিপদ এলো।’
এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আগুন নেভেতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী ও র্যাব।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। পাশাপাশি বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এ ছাড়া নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, নিউমার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে বিজিবি। প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ সেখানে ১২ প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে।
এর আগে আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান জানান, নিউ মার্কেটের ভয়াবহ আগুনে র্যাবের ঢাকা ব্যাটালিয়ন থেকে ১২ টি টহল দল এবং সাদা পোশাকে ৫ টি দল যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। এছাড়াও ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আজ ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানা যায়নি।
