চার ঘণ্টা হয়ে গেল রাজধানী নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিজিবি, র্যাব সদস্যরা। চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বলছেন, বাতাসের কারণে ধোঁয়া বেশি হচ্ছে। ধোঁয়াচ্ছন্ন অন্ধকার পরিবেশে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।
দেখা যায়, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশে ছিল। তবে দুই ঘণ্টা পর আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় এখনও আগুন না ছড়ালেও প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে।
এদিকে ব্যবসায়ীরা মার্কেটের প্রথম তলার দোকানগুলো থেকে ঝুঁকি নিয়ে মালামাল বের করে আনছেন। মার্কেটটিতে ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরণের পোশাক বিক্রি করা হয়ে থাকে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
