ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন পুরো মার্কেটেও ছড়িয়ে পড়ছে। চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। এদিকে আগুনের তাপে এসি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভয়াবহ এমন পরিস্থিতিতে প্রাণহানি রক্ষায় ব্যবসায়ীদের মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না।
শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এমন অবস্থা দেখা যায়। এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ভোর ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। সঙ্গে সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সর্বশেষ পাওয়া তথ্য মতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।
