গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। সেখানেই তাঁকে জানানো হবে রাষ্ট্রীয় শ্রদ্ধা। শ্রদ্ধা নিবেদন চলবে দুপুর ১টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার পর ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
জাতির এই বীর সন্তানকে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর চৌধুরী প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার (১৪ এপ্রিল) শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাতে ডাক্তার জাফরউল্লাহ চৌধুরী তার নিজ হাতে গড়া গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
রাতে গোসল শেষে জাফরউল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। তার জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে। পিতামাতার দশ সন্তানের মধ্যে তিনি সবার বড়। মহান মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা ছিলেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের পাশাপাশি নানা পদকে ভূষিত হয়েছেন তিনি। এক ছেলে ও এক মেয়ের পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।
