রাউজানে দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের খবর পেয়ে সে বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ এপ্রিল) উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে আকদ এর অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুর পাড়া গ্রামের পূর্বগুজরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই ওয়ার্ডের আবদুল শুক্কুরের দুবাই প্রবাসী ছেলে মো. হাসানের বিয়ে ঠিক হয়। বিকেলে স্থানীয় জামে মসজিদে আকদ শেষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল।
স্কুল ছাত্রীর বিয়ের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল শাহা। প্রধান শিক্ষক বলেন, আমি দুপুরে সংবাদ পাওয়ার পর ইউএনও মহোদয়কে ম্যাসেজ দিই। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে বিয়ে বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার বলেন, একটি ম্যাসেজের মাধ্যমে বাল্যবিবাহের তথ্য পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সত্যতা নিশ্চিত হই। পরে ওই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়।
