জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) সকালে পৌর শহরের হরিজন কলোনির রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৬০)। তিনি শহরের পুরানাপৈল এলাকার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের ছেলে বাবু মিয়া জানিয়েছেন, বাবা রোববার রাতে বাড়ি থেকে রাগ করে বের হন। রাতে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। সকালে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর আসে। পরে গিয়ে লাশ শনাক্ত করি।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
