সাতকানিয়ায় সাঙ্গু নদীতে কাল বৈশাখী ঝড়ের কবলে নৌকা ডুবে আব্দুল হামিদ (১৯) নামে এক বালু শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৯ মার্চ) বিকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের চরাঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হামিদ উপজেলার চরতি ইউনিয়নের সাত নং ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।
নিখোঁজ হামিদের বড় ভাই মো. ইসমাইল বলেন, ছোট ভাই নিয়মিত ট্রাকে বালু লোডের কাজ করত। বুধবার হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে নদীতে চলে যান। বিকেল ৩ টার সময় কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে নিখোঁজ হন।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, নৌকা ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের লোকজন পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে সন্ধান করেও ওই ব্যক্তির এখনও খোঁজ পায়নি।
