পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৫% পাহাড়ি কোটা চালুসহ শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের নিউ মার্কেট প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এই দাবি জানান।
নেতারা বলেন, ভাষা একটি জাতির সংস্কৃতি ও আত্মপরিচয়ের স্বাক্ষর। ভাষা মর্যাদার জন্য এদেশে আন্দোলন হয়েছে। অথচ পাহাড়ীদের ভাষা বর্তমানে অসংরক্ষিত ও হুমকির মুখে। শিক্ষা সংবিধানে মৌলিক অধিকার থাকলেও পাহাড়ের অধিকাংশ শিক্ষার্থী আজো নিজের মাতৃভাষায় পড়তে পারে না। ফলে বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ের শিক্ষার্থীরা।
নেতাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির খ খন্ডের ৩৩(খ) ধারায় পাহাড়ি শিশুদের মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা লাভের বিষয়গুলো থাকলেও এখনো বাস্তবায়ন হয়নি। এছাড়াও পাঠ্যপুস্তকে পাহাড়িদের পরিচয় এবং জীবনধারা নিয়ে অনেক অসঙ্গতিপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। যা ভুল তথ্যের ফলে পাহাড়ে বৈষম্যের অরাজকতা সৃষ্টি হয়েছে। এসময় পাহাড়িদের ভাষা সংরক্ষণ ও বিকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।
মানববন্ধনে পিসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জিকো চাকমার সঞ্চালনায় ও হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ম্রানুচিং মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুমন চাকমা, শহর শাখার সভাপতি মিলন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, সহ-সভাপতি থোয়াইক্যজাই চাক, সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা প্রমূখ।
